আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার চাপ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান তীব্র সামরিক ও কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে পরমাণু নীতিতে বড় পরিবর্তনের পথে হাঁটছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি সংক্রান্ত সংসদীয় কমিটির একাধিক সংসদ সদস্য পারমাণবিক অপ্রসার চুক্তি থেকে ইরানের চূড়ান্ত প্রত্যাহারের লক্ষ্যে ১০টিরও বেশি প্রস্তাব ও বিল পার্লামেন্টের প্রেসিডিয়াম বোর্ডে জমা দিয়েছেন। ইরানের কট্টরপন্থী ও প্রভাবশালী রাজনীতিকদের মতে, অব্যাহত পশ্চিমা সামরিক হুমকি ও নিষেধাজ্ঞার মুখে চুক্তি থেকে বেরিয়ে এসে স্বাধীন পরমাণু প্রতিরোধ গড়ে তোলাই দেশটির সার্বভৌমত্ব রক্ষার একমাত্র কৌশল। পার্লামেন্টে উত্থাপিত এই প্রস্তাব গৃহীত হলে আন্তর্জাতিক পরমাণু প্রটোকল এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক অভূতপূর্ব ও সংকটময় পরিস্থিতির সৃষ্টি হবে।


