আসন্ন শীতের মুখে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে কয়েক বছরের মধ্যে অন্যতম বৃহত্তম ও নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির খনি, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ট্রান্সফর্মেশন সাব-স্টেশন এবং বিদ্যুৎ বিতরণ কেন্দ্রগুলোতে ২৪ ঘণ্টায় ২০টিরও বেশি হামলা চালানো হয়েছে। রাজধানী কিইভ, খারকিভ, ভিনিতসিয়া, দিনিপ্রোপেত্রোভস্ক এবং নিপ্রোসহ বহু অঞ্চলে জরুরি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং প্রধান ওয়াটার পাম্পিং স্টেশন বিদ্যুৎহীন হয়ে পরায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। এমনকি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাব-স্টেশন ঝুঁকিতে পড়ায় কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা কমাতে বাধ্য হয়েছে ইউক্রেন।


