মার্কিন যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের উপকূলীয় শহর নিউপোর্টে ‘প্যাসিফিক সি-ফুড’ প্রসেসিং প্ল্যান্টে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্ল্যান্টের বরফ প্রস্তুত ও প্রক্রিয়াজাতকরণ ইউনিটে থাকা দু’টি বিশাল অ্যামোনিয়া ট্যাংকে বিস্ফোরণ ও ধোঁয়ার সাথে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় দ্রুত ১ মাইল এলাকার বাসিন্দা ও পর্যটকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জরুরি নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। অরেগন স্টেট ফায়ার মার্শাল ও হ্যাজম্যাট দলের দীর্ঘ প্রচেষ্টায় পরবর্তীতে বিষাক্ত গ্যাসের ঝুঁকি নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের সময় ভবনে থাকা ৩০ থেকে ৪০ জন শ্রমিক নিরাপদে বের হয়ে আসতে পারলেও এই দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন।


