কুয়েতের মুতলা এলাকায় এক ইয়েমেনি নাগরিককে হত্যা করার অভিযোগে শার্ক পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করেছেন এক বাংলাদেশি প্রবাসী। ওই বাংলাদেশি যুবক ভোরে শার্ক থানায় উপস্থিত হয়ে ডিউটি অফিসারদের কাছে ইয়েমেনি নাগরিককে হত্যার কথা স্বীকার করলে নিরাপত্তা কর্মীরা তাকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তুচ্ছ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি ওই ব্যক্তির ওপর হামলা চালান ও তাকে হত্যা করেন। ইতোমধ্যেই মুতলা এলাকা থেকে ১৯৯১ সালে জন্ম নেওয়া ওই ইয়েমেনি প্রবাসীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ ও তদন্তকারী দল। আটক বাংলাদেশি নাগরিককে আইনগত ও বিচারিক ব্যবস্থা গ্রহণের জন্য পাবলিক প্রসিকিউশনে হস্তান্তর করা হয়েছে। প্রবাসে বাংলাদেশি নাগরিকের এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা স্থানীয় প্রবাসী সমাজ ও প্রশাসনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।


